অক্টোপাসের এমন অনেক কাণ্ড আছে, যা শুনলে মনে হবে, প্রাণীটি বুঝি অন্য কোনো গ্রহ থেকে এসেছে! এলিয়েন আরকি। এর আটটি বাহু, তিনটি হৃৎপিণ্ড, নীল রক্ত আর আশ্চর্য বুদ্ধি। সমুদ্রের এই প্রাণীকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই।
এই যেমন অক্টোপাসের শরীরে হাড় নেই। তাই শরীর ইচ্ছেমতো বাঁকাতে পারে। এর শরীরের একমাত্র শক্ত অংশটি হলো ঠোঁটের মতো দেখতে মুখ। এই ঠোঁটটুকু জায়গা হলেই প্রায় যেকোনো সরু জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারে অক্টোপাস।
তিনটি হৃৎপিণ্ডের কাজ কী
মানুষের শরীরে একটি হৃৎপিণ্ড। সেটি সারা শরীরে রক্ত পাম্প করে। অক্টোপাসের আছে তিনটি হৃৎপিণ্ড। শুনতে অদ্ভুত হলেও প্রতিটির কাজ বেশ গুরুত্বপূর্ণ।
অক্টোপাসের দুটি হৃৎপিণ্ড রক্ত পাঠায় ফুলকায়। ফুলকার মধ্য দিয়ে যাওয়ার সময় রক্ত পানি থেকে অক্সিজেন সংগ্রহ করে। এরপর অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছে যায় তৃতীয় হৃৎপিণ্ডে। এই হৃৎপিণ্ড রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অঙ্গে পাঠায়।
তিনটি হৃৎপিণ্ড মিলে অক্টোপাসের শরীরে রক্ত চলাচল চালু রাখে। কিন্তু মজার ব্যাপার হলো, অক্টোপাস যখন দ্রুত সাঁতার কাটে, তখন এর প্রধান হৃৎপিণ্ডটি কিছুক্ষণের জন্য স্পন্দন বন্ধ করে দেয়। এ কারণে সাঁতার কাটতে তার বেশ শক্তি খরচ হয়। তাই অক্টোপাস সাধারণত সমুদ্রের তলদেশে হেঁটে চলতে পছন্দ করে।

রক্তের রং নীল!
অক্টোপাসের রক্তের রং লাল নয়, নীল। মানুষের রক্তে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন নামের প্রোটিন। এতে থাকে লোহা। অক্টোপাসের রক্তে অক্সিজেন বহন করে হিমোসায়ানিন নামের প্রোটিন। এতে রয়েছে তামা।
অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে হিমোসায়ানিন নীল রং ধারণ করে। এ কারণেই অক্টোপাসের রক্ত নীল দেখায়। এই প্রোটিন অক্টোপাসকে ঠান্ডা ও গভীর সমুদ্রের পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।
আরও মজার তথ্য আছে। অক্টোপাসের রক্ত বাতাসের সংস্পর্শে এসে অক্সিজেন হারালে স্বচ্ছ হয়ে যেতে পারে। অর্থাৎ অক্টোপাসের রক্তের নীল রংও নির্ভর করে অক্সিজেনের সঙ্গে প্রোটিনের সম্পর্কের ওপর।
আট বাহুর আট রকম কাজ
অক্টোপাসের আটটি বাহু নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকে এগুলোকে শুঁড় বলে। আসলে এগুলো বাহু। স্কুইডের মতো প্রাণীর শুঁড়ের শেষ অংশে চোষক থাকে। অক্টোপাসের বাহুর প্রায় পুরোটা জুড়েই থাকে দুই সারি চোষক।
এই চোষক দিয়ে অক্টোপাস কোনো জিনিস আঁকড়ে ধরে, খাবার খুঁজে বের করে, আবার আশপাশের পরিবেশও বোঝে। বাহুর চোষক দিয়ে কোনো কিছু স্পর্শ করলে অক্টোপাস স্বাদ ও গন্ধও অনুভব করতে পারে।
অক্টোপাসের বাহুগুলো বেশ স্বাধীনভাবে কাজ করতে পারে। এর মস্তিষ্কের স্নায়ুকোষের বড় একটি অংশ ছড়িয়ে আছে বাহুগুলোতে। তাই প্রতিটি বাহু অনেকটা নিজের মতো করে কাজ করতে পারে। এক বাহু খাবার খুঁজছে, আরেক বাহু গর্তের ভেতর হাতড়াচ্ছে, এমন দৃশ্য অক্টোপাসের ক্ষেত্রে খুব স্বাভাবিক।

রং বদলে উধাও
সমুদ্রের তলদেশে অক্টোপাসকে খুঁজে পাওয়া বেশ কঠিন। কারণ, এরা মুহূর্তের মধ্যে নিজের শরীরের রং বদলে ফেলতে পারে। কখনো বালুর মতো ফ্যাকাশে, কখনো পাথরের মতো ধূসর, আবার কখনো আশপাশের প্রবালের রঙে মিশে যায়।
এর ত্বকে থাকে ক্রোমাটোফোর নামের বিশেষ কোষ। এসব কোষে রঞ্জক পদার্থ থাকে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে এই কোষ প্রসারিত বা সংকুচিত হয়। ফলে অক্টোপাস দ্রুত শরীরের রং বদলাতে পারে। ত্বকের ছোট ছোট অংশ ফুলিয়ে বা চেপে এরা গায়ের মসৃণতাও বদলে ফেলতে পারে। তখন একে দেখতে কখনো পাথরের মতো, কখনো প্রবালের মতো লাগে।
কিছু অক্টোপাস আবার অন্য প্রাণীর ছদ্মবেশ নিতে পারে। মিমিক অক্টোপাস নিজের রং, শরীরের আকৃতি ও চলাফেরা বদলে বিষধর সাপ, সিংহ মাছ বা জেলিফিশের মতো আকৃতি নিতে পারে। শিকারি প্রাণীকে ভয় দেখিয়ে দূরে রাখার জন্য এই কৌশল বেশ কাজে দেয়।
বুদ্ধিতে কম যায় না
অক্টোপাসকে বিজ্ঞানীরা খুব বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করেন। এরা ধাঁধা সমাধান করতে পারে, জারের ঢাকনা খুলতে পারে, এমনকি প্রয়োজন হলে হাতের কাছে থাকা জিনিস ব্যবহার করে আশ্রয়ও তৈরি করে।
কিছু অক্টোপাস নারকেলের খোলস বা ঝিনুকের খোলস সংগ্রহ করে রাখে। বিপদে পড়লে এগুলো দিয়ে নিজেদের আড়াল করে। আবার কোনো কোনো অক্টোপাসকে গবেষণাগারে বিভিন্ন বস্তু চিনতে ও মানুষের মুখ আলাদা করতে দেখা গেছে।
অক্টোপাসের মস্তিষ্কের গঠনও বেশ অদ্ভুত। তার একটি কেন্দ্রীয় মস্তিষ্ক আছে। পাশাপাশি প্রতিটি বাহুতে স্নায়ুকোষের বড় নেটওয়ার্ক রয়েছে। তাই অক্টোপাসের বাহুগুলো অনেক কাজ নিজেরাই সামলে নিতে পারে।
বিপদে কালির ধোঁয়া
অক্টোপাসের আরেকটি পরিচিত কৌশল হলো কালি ছোড়া। শিকারি প্রাণী কাছে এলে এরা কালো কালি ছুড়ে দেয় পানিতে। কালির মেঘ শিকারির চোখের সামনে ছড়িয়ে পড়ে। এতে শিকারি বিভ্রান্ত হয়, আর সেই সুযোগে অক্টোপাস পালিয়ে যায়।
অক্টোপাসের কালি শিকারির স্বাদ ও গন্ধ অনুভবের ক্ষমতাতেও বাধা দিতে পারে। তবে দ্রুত সরে যেতে হয় এদেরকে। কালি নিজের শরীরের কাছাকাছি জমে থাকলে অক্টোপাসের জন্যও ক্ষতিকর হতে পারে।





















