চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ করেন এস এম আল মামুনের ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারীদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
স্থানীয় ওই বাসিন্দার ভাষ্য অনুযায়ী, বাড়িতে দায়িত্ব পালনরত দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে দুর্বৃত্তরা। পাশাপাশি হামলাকারীদের পরিচয় প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
অন্যদিকে, ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফের অভিযোগ, রাত ২টা ৩৪ মিনিটের দিকে একাধিক ককটেল বিস্ফোরণের পর বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা বাড়ির জানালার কাচ ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রুবেল আফ্রাদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে আমরা জানি না। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাড়ির সামনে একটি বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িতে আগুন দেওয়ার যে ভিডিও ছড়িয়েছে, সেটি আগের কোনো ঘটনার বলে দাবি করেন তিনি।


















