দেশের চার জেলায় পৃথক ঘটনায় গ্রামীণ ব্যাংকের দুটি ও ক্ষমতাসীন দল বিএনপির একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ির পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পবা উপজেলার পারিলা শাখায় বৃহস্পতিবার রাতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্ভৃৃত্তরা। বোমা দুটি ব্যাংকের জানালায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।’ জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে অফিসের প্রধান ফটকের একাংশ পুড়ে যায় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে একদল ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সেøাগান দিয়ে মিছিল বের করেন। তাদের হাতে আট দফা দাবির সমর্থনে একটি ব্যানার ছিল, যাতে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ ছিল। মিছিলটি কাচারি বাড়ি থেকে চৌমুহনী বাজার হয়ে নাপিতের পোল এলাকায় যায়। একপর্যায়ে মিছিলকারীরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। পরে কর্মচারী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় সূত্রের দাবি, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।’
চাঁদপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়।
ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, ‘শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নয়, এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মতলব উত্তর থানার ওসি মানস বড়–য়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১১ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ কেউ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করলেও পুলিশ বলছে, কাপড় বা পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, গেটের ভেতরে একাধিক বাসা রয়েছে। এর একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। বর্তমানে সেখানে তার চাচা ও পরিবারের সদস্যরা বাস করেন।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসায় নয়, সামনের গলির প্রবেশপথের গেটে আগুন দেওয়া হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
গৌরনদী প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে এ ঘটনা ঘটে। এতে তার পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক কারণে বাড়িছাড়া। দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শ^শুর-শাশুড়ি ও পরিবারের শিশু সদস্যদের নিয়ে তারা থাকেন। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ ফুট দূরত্বে রাতের আঁধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের ছোট-বড় সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











