গোপালগঞ্জে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ওপর দিয়ে চলাচলকারী আরও ৭টি আন্তঃনগর ট্রেন বিকল্প পথে চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
গোপালগঞ্জে বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে– জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে অভিযাত্রী কমিউটারের উভয়মুখী চলাচল বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে। ট্রেনটি গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। ট্রেনগুলো গোপালগঞ্জের পরিবর্তে আশপাশের জেলা দিয়ে বিকল্প পথে চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম।





















