শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের অনুভূতি। আর শীত সামনে রেখে চরফ্যাশন উপজেলা সদরের লেপ-তোশকের দোকানগুলোয় শুরু হয়েছে কর্মব্যস্ততা। তুলা, কাপড়, সুতা আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নতুন নতুন লেপ ও তোশক। ক্রেতাদের চাহিদা মেটাতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
চরফ্যাশন সদরের সুমন বেডিংয়ে দেখা যায়, দোকানের ভেতরজুড়ে লেপ তৈরির কর্মযজ্ঞ। দোকানের এক পাশে স্তূপ করে রাখা রয়েছে কাপড় ও তুলার বস্তা। তৈরি করা লেপগুলোও সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের জন্য।
এ কর্মব্যস্ততার মধ্যেই লেপ তৈরির কাজে ব্যস্ত দেখা যায় দক্ষ কারিগর শরীফ হোসেনকে।
কারিগর শরীফ হোসেন বলেন, শীত মৌসুম এলেই কাজের চাপ বেড়ে যায়। এখন সকাল থেকে রাত পর্যন্ত লেপ তৈরির কাজ করতে হচ্ছে। একটি লেপ তৈরিতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। কাপড়ের মাপ নেওয়া, তুলা বিছানো, সেলাই করা সব কাজই যতœ নিয়ে করতে হয়। ক্রেতারা যেন ভালো মানের লেপ পান, সেদিকে বিশেষ নজর রাখি।
একই দোকানে কাজে ব্যস্ত আরেক কারিগর শফিক। শীত মৌসুমে কাজের চাপ বাড়ায় তারও সময় কাটছে লেপ তৈরির কাজে।
কারিগর শফিক বলেন, লেপ তৈরি করা সাধারণ কাজ নয়, এর জন্য অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। তুলা সমানভাবে বিছানো না হলে লেপ ভালো হয় না। আবার সেলাইও করতে হয় নিখুঁতভাবে। শীতের সময় কাজের চাপ বেশি থাকে। তখন পরিবারের কথা চিন্তা করে বাড়তি সময়ও কাজ করতে হয়। তবে ক্রেতাদের পছন্দমতো লেপ তৈরি করতে পারলে আমাদেরও ভালো লাগে।
দোকানটির মালিক সেলিমের কাছেও শীতকাল বছরের গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক মৌসুম।
দোকান মালিক সেলিম বলেন, শীত মৌসুম ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সময়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশকের চাহিদাও বাড়তে শুরু করে। কেউ নতুন লেপ তৈরি করতে আসেন, আবার কেউ পুরোনো লেপ মেরামত বা নতুন কাপড় লাগাতে দেন। আমরা ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ তৈরি করি। আশা করছি, এবার শীতের মৌসুমে ভালো বেচাকেনা হবে।
ক্রেতা সাইফুল ইসলাম রুবেল বলেন, শীতের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। পরিবারের সবার কথা চিন্তা করে একটি ভালো মানের লেপ তৈরি করাতে এসেছি। বাজারে বিভিন্ন ধরনের লেপ পাওয়া গেলেও নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী তৈরি লেপের আলাদা সুবিধা রয়েছে। কাপড়ের মান, তুলার পরিমাণ ও সেলাইয়ের কাজ ভালো হলে লেপ দীর্ঘদিন ব্যবহার করা যায়।





















