বাংলাদেশের ব্যাংকিং খাত কি ঋণখেলাপিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে? যে ব্যাংক মানুষের সঞ্চয় নিরাপদ রাখার কথা, যে ব্যাংক শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হওয়ার কথা, সেই ব্যাংকিং ব্যবস্থাই আজ গভীর সংকটে। খেলাপি ঋণের পাহাড় ক্রমেই বড় হচ্ছে। অথচ এই বিপুল অর্থের বড় একটি অংশ জনগণের আমানত ও দেশের অর্থনৈতিক সম্পদের সঙ্গে সম্পর্কিত। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩২ টাকাই খেলাপি। এ পরিসংখ্যান কেবল একটি অর্থনৈতিক হিসাব নয়, বরং আমাদের আর্থিক ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও জবাবদিহির ভয়াবহ দুর্বলতার প্রতিচ্ছবি।
কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। ২০২১ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা, ২০২৩ সালে ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি টাকা, ২০২৪ সালে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা এবং ২০২৫ সালে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে খেলাপি ঋণের এই বিস্ফোরণ ঘটল কেন? এটি কি শুধু ব্যাবসায়িক ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত ঋণ জালিয়াতি, প্রভাবশালীদের অনৈতিক হস্তক্ষেপ, ব্যাংক পরিচালনায় স্বেচ্ছাচারিতা এবং দুর্বল তদারকি? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি।
ব্যাংক থেকে ঋণ নেওয়া অপরাধ নয়। বরং একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ঋণের ভূমিকা অপরিসীম। উদ্যোক্তারা ঋণ নিয়ে শিল্পকারখানা গড়ে তুলবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন, উৎপাদন বাড়াবেন এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। ব্যাবসায়িক ঝুঁকি, বাজারের মন্দা কিংবা বৈশ্বিক পরিস্থিতির কারণে কোনো উদ্যোক্তা ঋণ পরিশোধে ব্যর্থ হতেই পারেন। কিন্তু ইচ্ছাকৃত ঋণখেলাপি, ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ, জাল কাগজপত্রে অর্থ উত্তোলন কিংবা ব্যাংকের অর্থ বিদেশে পাচার কোনোভাবেই সাধারণ ব্যবসায়িক ব্যর্থতা নয়। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক সময় ঋণগ্রহীতার প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার দাপটের কাছে ব্যাংক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থা অসহায় হয়ে পড়ে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ব্যাংকের অর্থ কোনো ব্যক্তির নিজস্ব সম্পদ নয়। এটি লাখ লাখ আমানতকারীর কষ্টার্জিত সঞ্চয়। একজন কৃষক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা প্রবাসী তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য ব্যাংকে অর্থ জমা রাখেন। সেই অর্থ যখন অনিয়মের মাধ্যমে হাতছাড়া হয়, তখন ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঋণখেলাপিরা যদি বছরের পর বছর ব্যাংকের টাকা আটকে রাখেন, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা কোথায় থাকবে? আমানতকারীর অর্থের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ দায়িত্বে অবহেলার সুযোগ নেই।
খেলাপি ঋণের প্রভাব শুধু ব্যাংকের হিসাবের খাতায় সীমাবদ্ধ থাকে না। এর অভিঘাত পড়ে পুরো অর্থনীতিতে। ব্যাংকের অর্থ আটকে গেলে নতুন উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পান না। শিল্পকারখানা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি কমে যায় এবং উৎপাদনশীল খাত বিনিয়োগ সংকটে পড়ে। একদিকে সৎ উদ্যোক্তারা ঋণের জন্য ব্যাংকের দরজায় ঘুরছেন, অন্যদিকে প্রভাবশালী ঋণখেলাপিরা বিপুল অর্থ আটকে রেখেছেন। এ বৈষম্য কোনো সুস্থ অর্থনীতির লক্ষণ হতে পারে না। এর সঙ্গে যুক্ত হয় উচ্চ সুদহার, বিনিয়োগে অনিশ্চয়তা এবং আর্থিক খাতের প্রতি আস্থার সংকট।
এ সংকটের জন্য শুধু ঋণগ্রহীতাদের দায়ী করলেই দায়িত্ব শেষ হয় না। ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ঋণ অনুমোদনকারী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাও নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। যথাযথ জামানত যাচাই না করে, ঋণগ্রহীতার সক্ষমতা মূল্যায়ন না করে কিংবা প্রভাবশালী মহলের চাপে ঋণ অনুমোদন করা হলেÑ তার দায় সংশ্লিষ্টদেরও নিতে হবে। ব্যাংকের অর্থ আত্মসাৎ হলে শুধু ঋণগ্রহীতাকে খুঁজে বেড়ালেই হবে না, ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন, সেটিও তদন্ত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী পরীক্ষা করে অবৈধ সম্পদ শনাক্ত করতে হবে।
সরকার ও বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার ও ঋণ আদায়ের উদ্যোগের কথা জানিয়েছে। দীর্ঘদিনের অনাদায়ী ঋণ নিষ্পত্তিতে বিশেষ এককালীন প্রস্থান সুবিধাও দেওয়া হয়েছে, যা নির্দিষ্ট শর্তে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে এ ধরনের সুবিধা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঋণ পরিশোধে বাস্তব সমস্যায় পড়া উদ্যোক্তাকে যুক্তিসংগত সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বারবার বিশেষ ছাড় দিলে সৎ ঋণগ্রহীতারাও নিরুৎসাহিত হবেন। তখন ঋণ পরিশোধ না করাই যেন লাভজনক সংস্কৃতিতে পরিণত হবে। তাই পুনঃতপশিল বা বিশেষ সুবিধার ক্ষেত্রে স্বচ্ছতা, যাচাই এবং কঠোর শর্ত নিশ্চিত করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, ব্যাংকিং খাতে সংস্কার মানে শুধু নতুন নীতিমালা তৈরি কিংবা পরিচালনা পর্ষদ পরিবর্তন নয়। প্রয়োজন স্বাধীন তদারকি, দক্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর ঋণ যাচাই এবং রাজনৈতিক ও ব্যাবসায়িক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণ। ঋণখেলাপিদের তালিকা নিয়মিত প্রকাশ করতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে দ্রুত মামলা, সম্পদ জব্দ এবং আইনানুগ সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা প্রয়োজন। কাউকে রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা ব্যাবসায়িক প্রভাবের কারণে ছাড় দেওয়া যাবে না।
এখানে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংককে শুধু নির্দেশনা জারি করলেই চলবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোন ব্যাংকে কী পরিমাণ খেলাপি ঋণ, কারা বড় ঋণখেলাপি, কীভাবে ঋণ বিতরণ হয়েছে এবং আদায়ের অগ্রগতি কতটুকু, এসব তথ্যের ভিত্তিতে নিয়মিত মূল্যায়ন করতে হবে। সংসদীয় কমিটির মাধ্যমেও ব্যাংকিং খাতের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। জনগণের অর্থের ব্যবস্থাপনায় কোনো ধরনের গোপনীয়তা বা দায় এড়ানোর সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না।
বাংলাদেশের অর্থনীতি এখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি, বিনিয়োগের মন্থরতা, কর্মসংস্থানের চাপ এবং বৈদেশিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ব্যাংকিং খাতের এই বিপর্যয় নতুন উদ্বেগ তৈরি করছে। প্রায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ কেবল ব্যাংকের সমস্যা নয়, এটি জাতীয় অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে শিল্পায়ন, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং উৎপাদনশীল অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব হতো।
এখন আর দায় এড়ানোর সময় নেই। ব্যাংকের অর্থ যারা আত্মসাৎ করেছেন, যারা অনিয়মের মাধ্যমে ঋণ দিয়েছেন এবং যারা এসব অপরাধকে প্রশ্রয় দিয়েছেন, সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে সৎ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণপ্রাপ্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে। ব্যাংকিং খাতকে কিছু প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষার হাতিয়ার হতে দেওয়া যাবে না।
রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হলেÑ ব্যাংকিং ব্যবস্থাকে সুস্থ করতে হবে। আমানতকারীর অর্থের নিরাপত্তা, ঋণ আদায়ে কঠোরতা এবং আর্থিক খাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে, ঋণখেলাপিরা শুধু ব্যাংকের অর্থ আটকে রাখেন না, তারা দেশের উন্নয়ন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেও আটকে রাখেন।
প্রশ্ন তাই একটাই, প্রায় ৬ লাখ কোটি টাকার এই বিপর্যয়ের দায় কে নেবে? রাষ্ট্র কি শুধু পরিসংখ্যান প্রকাশ করেই দায়িত্ব শেষ করবে, নাকি এবার সত্যিকার অর্থেই ঋণখেলাপিদের জবাবদিহি নিশ্চিত করবে? দেশের মানুষ দ্বিতীয়টিই দেখতে চায়।





















