মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে অন্য ছয়জনকে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর বিকেল ৫টার দিকে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি দল কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালায়। সেখানে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন। আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের হারিছ আলী ও আবুল আলী; গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের আমিনুর শরীফ (৪২) ও মফিজুর শিকদার (৪৩), ধিরাই গ্রামের কামরুল মোল্যা (৪৬) এবং ভুলবাড়িয়া গ্রামের ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১)। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মো. জিহাদ সরদার (৪০) রয়েছেন।
এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে The Bangladesh Passport Order, 1973-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করছে এসআরবি।












