হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। বিদ্যালয়ের মা সমিতির সদস্য, শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন এবং বিদ্যালয়ের বাগান কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলার মাধবপুর ও বাহুবল উপজেলা সফর করছেন। সফরকালে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।












