শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের এক গবেষণায় জানানো হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়বে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণা মতে, চলতি বছরের জুন থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের তাপমাত্রাজনিত কারণে মৃত্যু হতে পারে।
গবেষণায় বিশ্বের ২৪ হাজারের বেশি অঞ্চলের তাপমাত্রা ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এতে দেখা গেছে, সাহারা মরুভূমির দক্ষিণের সাহেল অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সেখানে অতিরিক্ত প্রায় ৬৬ হাজার ৮০০ মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশকেও উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র হলেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠছে।


















