কুষ্টিয়ার মিরপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে যাওয়া এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ৩ বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে গেলে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত মেডিকেল অফিসার শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত স্বজন ও স্থানীয় কিছু লোক মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক আহত হয়েছেন। মিরপুর থানার ওসি আব্দুল আজিজ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া জানান, স্বজনদের হারিয়ে যাওয়ার বেদনা সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।



















