মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তার ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকার বাসিন্দা। স্বজনদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ওই বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। চিকিৎসক আরও জানান, প্রাথমিকভাবে স্বজনরা বলেছেন, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, বিষয়টির ব্যাপারে অবগত। পরিবারের পক্ষ থেকে কেউ যদি কোনো লিখিত অভিযোগ দায়ের করে তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















