লোহাগাড়ায় চুল কাটার জন্য শিশু রায়হানকে (১২) বাজারে পাঠিয়েছিলেন বাবা নাজিম উদ্দিন। এর পর ছেলেটির আর কোনো খোঁজ মেলেনি। সাত মাস পর উপজেলার চুনতি এলাকায় ওয়াজ মাহফিলে ভিক্ষা করতে দেখে রায়হানকে চিনে ফেলেন স্থানীয়রা।
খবর পেয়ে বাবা ছুটে গিয়ে দেখেনÑ ছেলে বেঁচে আছে, কিন্তু তার ডান পা নেই। সে সাতগড় নয়াপাড়া এলাকার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। রায়হান জানায়, কক্সবাজার থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে। প্রতিদিন ভিক্ষা করে ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো। তার বাবা নাজিম উদ্দিন বলেন, রায়হানের মা নেই। সে সৎমায়ের সঙ্গে সাতের আগার পাহাড়ি এলাকায় বসবাস করে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।



















