নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে একটি পাটখড়ি ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার ৫নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন সাজিপাড়া এলাকার পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১২-৯৬৭৮ নম্বরের একটি ট্রাক পাটখড়ি বোঝাই করে নলডাঙ্গার দিকে যাচ্ছিল।
গাড়িটি সাজিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ আটক হয়নি। ট্রাকটির মালিক নাটোরের সিংড়া উপজেলার সিংড়া লিঙ্গন এলাকার জয়দেব সাহা। গাড়িটির ড্রাইভার মো. মুক্তার হোসেন (৫০) ও হেল্পার মো. নাহিদ ইসলাম (৩০)-এর বরাতে জানা গেছে, ট্রাকের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।
নলডাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।




















