দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক বিরল মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করেছে উজ্জ্বল আলোর একটি বিন্দু, যা মুহূর্তেই কৌতূহল ছড়িয়ে দেয় আকাশপ্রেমীদের মধ্যে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় এই অপূর্ব দৃশ্য। পরিষ্কার আকাশে বাগেরহাটের শরণখোলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এটি দেখা গেছে।
হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তেই অনেকেই বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে আকাশ দেখতে থাকেন। কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চাঁদের এত কাছাকাছি এমন উজ্জ্বল আলোকপিণ্ড তারা আগে খুব কমই দেখেছেন। প্রথমে অনেকেই এটিকে নতুন তারা বা রহস্যময় কোনো বস্তু ভেবেছিলেন।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদের পাশে দেখা সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি ছিল সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। সোমবার সন্ধ্যায় চাঁদ ও শুক্রের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট, অর্থাৎ এক ডিগ্রিরও কম। জ্যোতির্বিজ্ঞানে চাঁদ ও কোনো গ্রহের এমন কাছাকাছি দৃশ্যমান অবস্থানকে কনজাংশন বা ক্লোজ অ্যাপ্রোচ বলা হয়। বিরল এই দৃশ্য কিছু সময়ের জন্য দেশের আকাশপ্রেমীদের মুগ্ধ করেছে।


















