সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী। শুক্রবার ২৮ আগস্ট ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতিচারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা ঠাকুর হালদার (৬৮) এবং কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৭)। আহত হয়েছেন নিহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তাকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে মৎস্যজীবী ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি দ্রুতগতিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত হন বিষ্ণু হালদার। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পরপরই নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।



















