নড়াইলের কালিয়া উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইট বহনকারী ট্রলি ধাক্কা দিলে মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নড়াইল-কালিয়া সড়কের চাচুড়ি বাজার এলাকায় তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচুড়ি বাজারের একটি হার্ডওয়্যার দোকানে মালামাল খালাসের জন্য একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির তার সহকারীকে নিয়ে কালিয়ার দিক থেকে ইট বহনকারী ট্রলি চালিয়ে আসছিলেন। বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সজোরে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মুত্তাকাব্বিরের মৃত্যু হয়। তবে ট্রলিতে থাকা তার সহকারী প্রাণে রক্ষা পান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















