অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এক দিনে অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার ভোর থেকে গাজা সিটি, খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চল, দেইর আল-বালাহ, জাবালিয়া শরণার্থীশিবির এবং রেমাল এলাকায় একের পর এক হামলা চালানো হয়। হামলায় আবাসিক ভবন, অস্থায়ী আশ্রয়শিবির এবং বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত থাকায় উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় একাধিক হামলায় আগাম কোনো সতর্কতা দেওয়া হয়নি।
এর আগের দিনও পৃথক হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া যায়। চলমান সংঘাতের মধ্যে গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।


















