২০২৬ ব্যালন ডি’অর উঠেছে হ্যারি কেইনের হাতে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি আদায় করেন ইংলিশ স্ট্রাইকার। গত ২৫ বছরে এই প্রথম ব্যালন ডি’অর উঠল ইংল্যান্ডের কারও হাতে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের অপেক্ষাটা আরও বেশি। ১৯৯৬ সালের পর এই প্রথম ব্যালন ডি’অর জিতলেন বায়ার্নের জার্সিতে খেলা কেউ।
এত বছরের অপেক্ষার পূর্ণতা, তবে কেইন যে খুব বেশি ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন, ব্যাপারটা এমন নয়। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে মোটে ২৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। ব্যালন ডি’অর ইতিহাসে এর চেয়ে নিকটতম ব্যবধানে পুরস্কার জেতার কীর্তি আছে মোটে তিনবার!
অবশ্য গত মৌসুমটা কেইন ও এমবাপ্পে দুজনেই দারুণ কাটিয়েছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছেন কেইন। বিশ্বকাপে ছয় গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন তিনি। অন্যদিকে সর্বশেষ মৌসুমে ক্লাবের জার্সিতে ৪২ গোল করা এমবাপ্পে বিশ্বকাপে টানা দ্বিতীয় বারের মতো গোল্ডেন বুট জিতেছেন। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তবে পার্থক্য আছে একটা জায়গায়। ক্লাবের হয়ে কেইন ঘরোয়া ট্র্রফি জিতলেও এমবাপ্পে মৌসুম শেষ করেছেন খালি হাতেই। যার প্রভাব পড়েছে ব্যালন ডি’অরেও।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুসারে, প্রথম স্থান হিসেবে কেইন ভোট পেয়েছেন ৪০টি। সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরে কেইনের পয়েন্ট ছিল ১০৫৫। অন্যদিকে ২৩ জন সাংবাদিকের প্রথম স্থানের ভোট পাওয়া এমবাপ্পের পয়েন্ট ছিল ১০২৭!
দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান মোটে ২৮। লেকিপের তথ্য অনুসারে, ব্যালন ডি’অর ইতিহাসে চতুর্থবারের মতো এত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। এর আগে সর্বশেষ এমনটা দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেবার ভার্জিল ফন ডাইককে মোটে ৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি।
তা ব্যালন ডি’অরে ভোট দেন কারা? নিয়ম অনুসারে, আন্তর্জাতিক ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দিতে পারেন। প্রতি সাংবাদিকের দেওয়া ভোটের প্রথম স্থান পাওয়া ফুটবলার পান ১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট, তৃতীয় স্থানের জন্য ১০। এভাবে চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়।
এবারের ব্যালন ডি’অরে তৃতীয় হওয়া ইয়ামাল এমবাপ্পের চেয়ে আরও ১৪৬ পয়েন্ট কম পেয়েছেন। স্প্যানিশ উইঙ্গারকে ১ নম্বরে রেখে ভোট দিয়েছিলেন ১৩ সাংবাদিক। স্পেনের বিশ্বজয়ী আরেক তারকা রদ্রি ৭২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন।
২০২৬ ব্যালন ডি’অর: ভোটের পূর্ণাঙ্গ ফলাফল
১. হ্যারি কেইন — ১,০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপ্পে — ১,০২৭ পয়েন্ট
৩. লামিন ইয়ামাল— ৮৮১ পয়েন্ট
৫. লিওনেল মেসি — ৬১২ পয়েন্ট
৬. কাভারেস্খেলিয়া — ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে — ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হলান্ড — ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে — ২৯৬ পয়েন্ট
১০. ফাবিয়ান রুইস — ২০১ পয়েন্ট
১১. জুড বেলিংহাম — ১০৭ পয়েন্ট
১২. পাউ কুবারসি — ১০১ পয়েন্ট
১৩. আশরাফ হাকিমি — ৬৫ পয়েন্ট
১৪. ভিতিনিয়া — ৫৯ পয়েন্ট
১৫. ডেকলান রাইস — ৫৭ পয়েন্ট
১৬. ফেরান তোরেস — ৪৪ পয়েন্ট
১৭. ভিনিসিয়ুস জুনিয়র — ২৬ পয়েন্ট
১৮. মার্ক কুকুরেয়া — ১৬ পয়েন্ট
১৯. জোয়াও নেভেস — ১৫ পয়েন্ট
২০. উইলিয়ান পাচো — ১২ পয়েন্ট
২১. গ্যাব্রিয়েল — ১১ পয়েন্ট
২২. লাওতারো মার্তিনেস — ১১ পয়েন্ট
২৩. নুনো মেন্দেস — ৮ পয়েন্ট
২৪. লুইস দিয়াস — ৮ পয়েন্ট
২৫. মারকিনিওস — ৭ পয়েন্ট
২৬. উপামেকানো — ৫ পয়েন্ট
২৭. ব্রুনো ফের্নান্দেস — ৫ পয়েন্ট
২৮. হুলিয়ান কুইনোনেস — ৪ পয়েন্ট
২৯. সাদিও মানে — ২ পয়েন্ট
৩০. উইলিয়াম সালিবা — ২ পয়েন্ট











