নোয়াখালীর চাটখিলে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।
আহত নাজমুল ইসলাম উপজেলার ভাওর রিয়াজ উদ্দিন মিজি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের ছেলে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের মৌলভী বাড়ির প্রকাশ সোহেল কমিশনারের বাড়ির আলমগীরের ছেলে রিমি এই হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে বা পরিকল্পিতভাবে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। নাজমুল রক্তাক্ত ও অচেতন হয়ে পড়লে হামলাকারী তার ব্যবহৃত মোটরসাইকেল, দামি মোবাইল ফোন ও সঙ্গে থাকা মানিব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে চাটখিল থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার জানান, ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















