নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির নিখোঁজের দুই দিন পর তৃতীয় দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করলেও রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত পরিবারের নিখোঁজ বাবা হেলাল উদ্দীনের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ হন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল-মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- নিখোঁজ হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন। উদ্ধার হওয়া তিনজন কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে গতকাল হস্তান্তর করা হয়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহেদ চৌধুরী বলেন, নিখোঁজ হেলাল উদ্দীনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চতুর্থ দিনের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও সন্ধানে কাজ করছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ হেলাল উদ্দীনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।



















