কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা চার আরোহীকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
কুইবেকের প্রাদেশিক পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু পর তারা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায়। কুইবেকের সাঁত-ব্রিজিদ-দিবেরভিল এলাকায় মহাসড়ক ১০-এর কাছের র‌্যাং দে জকোসকট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে কুইবেকের প্রাদেশিক পুলিশের বড় অপরাধ তদন্ত ইউনিট তদন্ত শুরু করবে। পাশাপাশি কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তকারীরাও ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।






















