উত্তর-দক্ষিণ লংমার্চ করলেও বাংলার জনগণ স্বাধীনতাবিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান।
জামায়াতে ইসলামীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সাত মাসের মাথায় সরকার পতনের এক দফার হুমকি দেয়, যে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে, তারা বসে থাকবে না। আপনারা একবার উত্তরে গেলেন, একবার দক্ষিণে, লংমার্চ করতে পারেন; কিন্তু এ দেশের মানুষ আর কোনো দিন আপনাদের মেনে নেবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাচ্ছি শেখ হাসিনা ফেরত আসুক। আমরা ভারত সরকারের কাছে তাঁকে ফেরত চেয়েছি। সে সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী শক্তিকে প্রত্যাখ্যান করেছে। যারা তাদের সহযোগিতা করেছে, তাদের মাফ নাই। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করা হবে। সেই ফ্যাসিবাদী শক্তিকে আমরা আর কোনো দিন রাজনীতি করতে দেবো না এই দেশের মাটিতে।’
প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়িয়ে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।






















