৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এ বাছাই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক দাবাড়ু অংশ নেন।
শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। এ সময় বক্তব্য দেন দাবা প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, শিক্ষক শামসুল আলম, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল ও সংগীতশিল্পী আহসান হাবীব সজিবসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে দাবার প্রতি আগ্রহী করে তুলতে এবং জেলা পর্যায় থেকে নতুন ও উদীয়মান দাবাড়ু তুলে আনতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মানুষের চিন্তাশক্তি, ধৈর্য ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করে।
তাই শিক্ষার্থীদের পাশাপাশি তরুণদেরও এ খেলায় আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। বাছাই পর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে সেরা দাবাড়ুদের নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়েরা ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।



















