জ্বালানির মূল্যবৃদ্ধির পরও সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শনিবার দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানির দাম সমন্বয় করেছে। তবে তার প্রভাবে বাজারের কোথাও যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি না হয়, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে ট্রেড লাইসেন্স সহজীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন বানিজ্যমন্ত্রী।
২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন সড়ক চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ব্যবসায়ী নেতারা।


















