চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিএন্ডবি এলাকায় ওয়াসার একটি ট্রান্সমিশন পাইপলাইন ফেটে সারাদিন ধরে অঝোরে পানি ঝরেছে। পাইপলাইনের ওই অংশটি যেভাবে ফেটে পানি বের হতে দেখা গেছে, তাতে মনে হচ্ছে সেখানে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।
গতকাল শুক্রবার বন্ধের দিনে সারাদিন এভাবে ড্রেনে পানি পড়ে নষ্ট হলেও ওয়াসার কেউ ঘটনাস্থলে যাননি বলে জানান স্থানীয়রা। গতকাল রাত ১০টায় স্থানীয় উন্নয়নকর্মী লোকমান হোসেন মুন্না জানান, চান্দগাঁওয়ের সিএন্ডবি এলাকায় ওয়াসার ট্রান্সমিশন লাইন ফেটে তীব্র বেগে সারাদিন পানি পড়ে ড্রেন ভেসে যাচ্ছে। তবে মনে হচ্ছে পাইপ লাইনের ওই অংশে কেউ কোপ মেরেছে। প্রচুর পানি পড়ে যাচ্ছে। এভাবে পানি অপচয় হওয়ায় খুব খারাপ লাগছে। শহরে অনেক এলাকার মানুষ পানি পায় না। আর এখানে অঝোরে পানি পড়ে নষ্ট হচ্ছে। মফিজ নামে স্থানীয় এক ছাত্র ফোনে জানান, ওয়াসার পাইপ লাইন থেকে সারাদিন নালায় যেভাবে পানি ঝরছে আমরা ওয়াসায় অনেকবার ফোন করেছি; কেউ ফোন ধরছে না। নালায় এমনভাবে পানি পড়ছে উপর থেকে দেখা যাচ্ছে না।



















