ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি।’
আজ শুক্রবার আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানান, ‘জ্ঞানেশ কুমার যদি আগামীকালের মধ্যে পদত্যাগ না করেন, তবে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করবে সিজেপি এবং পর্যায়ক্রমে তা ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার সিজেপি’র পক্ষ থেকে জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সম্প্রতি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই ভারতে বিরোধীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারই প্রশ্ন তুলেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকায় এসব রদবদল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
তবে এসব বিতর্ক ও অভিযোগের মুখে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো প্রতিষ্ঠানের ভেতরে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কমিশনের সব ধরনের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়।
উল্লেখ্য, এ বছরের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতজুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেখানেও নেতৃত্ব দেয় ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি।’
এর আগে গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের তরুণদেরকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করে একটি বিতর্কিত মন্তব্য করলে এর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকের নেতৃত্বে তৈরি হয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘কাকরোচ জনতা পার্টি- সিজেপি’, যা বিশেষ করে জেনারেশন জেডের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে উঠে।


















