ঢাকার বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পৌঁছে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর স্টেশন সংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনা সদস্য। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং ডান পা ভেঙে ঝুলে যায়। এ সময় কর্তব্যরত আনসার সদস্য শাহাবুল ঘটনাস্থলে ছুটে গিয়ে নিজের পরিচয় দেন এবং আহত সদস্যের পরিচয় জানার চেষ্টা করেন।
আহত সেনা সদস্য জানান, গাজীপুরে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে আসার পথে তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শাহাবুল তার ব্যাগ ও মুঠোফোন নিরাপদ হেফাজতে নেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত সেনা সদস্যকে উদ্ধার করে এসআরবি গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত সদস্যদের তৎপরতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।
মানবিক দায়িত্ববোধ থেকে আনসার শাহাবুল নিজেও অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, ভর্তি এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। রাতে আহত সেনা সদস্যের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে শাহাবুল তার হেফাজতে থাকা সব মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেন। তার দায়িত্বশীলতা ও মানবিক সহায়তার জন্য সেনা সদস্যের পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন নীরব মানবিক কর্মকাণ্ড প্রতিনিয়ত জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।


















