দেশের সব প্রতিবন্ধী ব্যক্তির জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা চালুর দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সম্মিলিত প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন পরিষদ, পটিয়া ও দক্ষিণ চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে সংগঠনের উপদেষ্টা, চট্টগ্রাম জেলার সদস্য ও পটিয়া উপজেলা বাসদের সমন্বয়ক স. ম. ইউনূসের নেতৃত্বে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণের সময় ইউএনও ফারহানুর রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি দাবিগুলো চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন পরিষদের আহ্বায়ক সেবেকা সুলতানা, সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সচিব মোহাম্মদ মিজান ও দপ্তর সচিব নূরুন্নেছা। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ নেতা মুবিনুল হক সাব্বির। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলে দেশের সব প্রতিবন্ধী ব্যক্তির জন্যও একই পরিমাণ ভাতা চালু করা প্রয়োজন।
তাদের জীবনযাত্রা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে নিয়মিত আর্থিক সহায়তা প্রয়োজন। তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা জরুরি। কর্মসূচি থেকে দ্রুত মাসিক ৩ হাজার টাকা ভাতা চালু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।



















