মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—মাইজদী চা বাগানের ইউপি সদস্য অমৃত সিং ছত্রির ছেলে জয় সিং ছত্রি, একই চা বাগানের সুশীল নায়কের ছেলে পাপ্পু নায়েক এবং অটোরিকশাচালক। তবে চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ আহমদ জানান, রাত সোয়া ১০টার দিকে পুলিশ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহতদের সবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


















