জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় আরও ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। টানা দুই দিনের অভিযানে মোট ৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা যানবাহন দুটি আটক করেন।
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এর আগে সোমবার বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচারের চেষ্টা চালিয়ে আসছে। প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় একের পর এক এসব পাচারচেষ্টা ব্যর্থ হচ্ছে। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি সার পাচারের সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

















