সিলেটের গোয়াইনঘাটে পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদের এলজিইডি কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
‎ ‎সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। ‎ ‎আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করা হলেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ‎ ‎পরে সাধারণ মানুষ ও জরুরি যাত্রীদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করেন। ‎ ‎এ সময় ইউএনও আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
‎ ‎এদিকে, আন্দোলনকারীরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেন। ‎ ‎ছাত্র ও আমজনতার দাবি, পিরিজপুর-সোনারহাট সড়কের বেহাল অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সড়ক সংস্কারে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।


















