কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি বহুতল মার্কেট ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা এলাকার সামাদ প্লাজায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, জেলার হোসেনপুর উপজেলার রামপুর এলাকার মো. সাব্বির (৩০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আসাদুল (৩৫)।
পুলিশ জানায়, ৫ম তলা ওই মার্কেটের ওপরে নির্মাণ কাজ চলছিল। দুপুর ১২টার দিকে সামনের দিক দিয়ে লোহার রড ওপরে তুলছিলেন কয়েক শ্রমিক। এক পর্যায়ে চতুর্থ তলার বারান্দা সংলগ্ন পিডিবির সঞ্চালন লাইনের স্পর্শে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনে আটকে থাকা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলছে।


















