মৌলভীবাজারের জুড়ীতে পুকুরের পানিতে ডুবে রামিছা জান্নাত বুশরা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানের ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
নিহত রামিছা ওই এলাকার সিএনজি অটোরিকশাচালক বেলাল আহমেদের বড় মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা ঘুমিয়ে থাকা অবস্থায় রামিছা একা একা ঘরের বাইরে বের হয়ে বাড়ির পুকুরের দিকে যায়। একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চা-বাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা বেলাল আহমেদ বলেন, সকালে আমি গাড়ি নিয়ে বড়লেখায় গিয়েছিলাম। সেখান থেকে ফোনে জানতে পারি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে শুনি সে পুকুরে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (এসআই) উস্তার আলী ইমন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি।


















