চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সাতকানিয়ায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় একজনের শরীর থেঁতলে যায় এবং অপরজনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন একটি অরক্ষিত রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার মৈঙ্গা পাড়া এলাকার বাসিন্দা আবু তাহের (৫০) এবং অটোরিক্সা চালক ও ধর্মপুর মুহরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুর শুক্কুর (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে দোহাজারি থেকে একটি অটোরিকশা কালিয়াইশ বিওসি মোড় সংলগ্ন অরক্ষিত রোড পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের করুণ মৃত্যু হয়। অটো রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়েন।
দুপুর দুইটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী অপর একটি ট্রেন আটকে দিয়ে তারা রেললাইনের ওপর অবস্থান নেন এবং অরক্ষিত রেলগেটে অবিলম্বে গেটম্যান ও সিগন্যাল ব্যবস্থার দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া থানা পুলিশ এবং চট্টগ্রাম রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট অরক্ষিত গেটে দ্রুত গেটম্যান নিয়োগ ও স্থায়ী সিগন্যাল ব্যবস্থা স্থাপনের জোরালো আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন, যার ফলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।



















