জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে পৌঁছাবেল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তাকে স্বাগত জানাতে নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেসে এই সফরের বিভিন্ন প্রস্তুতি ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।
এর আগে তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এবার তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে ভাষণ দেবেন। আনোয়ার হোসেন খোকন বলেন, জাতিসংঘের ইতিহাসে ‘বাবা, মা এবং সন্তান’ তিনজনেরই রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনাকে বিরল এক নজির হিসেবে আখ্যা দেন তারা।
৪০ বছর পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশি সভাপতি নেতৃবৃন্দ উল্লেখ করেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য দ্বিগুণ আনন্দের। দীর্ঘ ৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী বিশ্বমঞ্চে একজন বাংলাদেশির এই সভাপতিত্ব দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।
গণঅভ্যুত্থান ও দেশ পুনর্গঠন সংবাদ সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। জাতিসংঘের রিপোর্টের বরাত দিয়ে নেতারা জানান, পতিত স্বৈরাচারী শাসনের গণহত্যাকাণ্ডে ১৪ শতাধিক মানুষ প্রাণ হারান এবং ৩০ হাজারের বেশি আহত হন। ফ্যাসিবাদ পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, প্রবাসীরা তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ জানান, দেশে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডের পাশাপাশি চলতি বছরের মধ্যেই প্রবাসীদের জন্য নানামুখী সুযোগ-সুবিধাসম্বলিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।
আইন মেনে সুশৃঙ্খল কর্মসূচির আহ্বান সংবাদ সম্মেলনের শেষভাগে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসাথে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফরকে স্মরণীয় ও সাফল্যমণ্ডিত করতে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ।























