বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি-এর দুপচাঁচিয়া শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর শনিবার সকালে মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় শাখাটির নতুন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এমএমজি তোফায়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শাখাটির নতুন ভবনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের ব্যাবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
একই সঙ্গে ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হারুনুর রশিদ।
এ ছাড়া জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। বগুড়া জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন, ব্যাংকের গ্রাহক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, সাজ্জাদ হোসেন, আব্দুর রাজ্জাক এবং ভবন মালিক নুরুল ইসলাম।
সভায় বক্তারা রূপালী ব্যাংকের ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ সব আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















