দেশে আবারও বাড়ানো হয়েছে সিগারেটের দাম। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এতে সই করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ স্তরের সিগারেটের দাম আগের চেয়ে ৩ টাকা বেড়েছে। অন্যদিকে, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব আগের মতোই থাকছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সিগারেটের বিভিন্ন স্তরের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়। এরপর সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রজ্ঞাপন জারি হলো। নতুন নির্ধারিত দামে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা। মধ্যম স্তরের সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্ধারিত মূল্যে নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা।


















