জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
এর আগে সোমবার মামলাটির রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। এই মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে আসামি করা হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল। প্রসিকিউশনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলন দমনে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। এ বিষয়ে মামলায় উপস্থাপিত বিভিন্ন অডিও ও ভিডিও রেকর্ডে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউশনের আরও দাবি, আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। তাদের বক্তব্য অনুযায়ী, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে বহু মানুষ প্রাণ হারান।



















