চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকার হাছনদণ্ডী এলাকায় পারিবারিক কলহের জেরে মিনহাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহেদ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাসির মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে দোহাজারীর হাছনদণ্ডী এলাকার খায়রুল বশরের ছেলে জাহেদ হোসেনের সঙ্গে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক আলী বিবির পাড়ার মিনহাজ আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও ১৯ মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, কয়েক দিন ধরে পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
এর জেরে পরিকল্পিতভাবে মিনহাজ আক্তারকে শ্বাসরোধ করে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















