পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। প্রধান অতিথি হিসেবে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণা যেকোনো দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে। তিনি বলেন, পবিপ্রবির শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলতে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তরুণদের মেধাকে শানিত ও বৈশ্বিক মানে উন্নীত করতে বর্তমান সরকার বিভিন্ন বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্থাপন এর অন্যতম উদাহরণ।
তিনি বলেন, সরকার বিশ্বাস করে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। মেধাকে শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে এর সমন্বয় ঘটাতে হবে। উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি কোনো প্রতারণামূলক এজেন্সির মাধ্যমে আবেদন না করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের আবেদন করার পরামর্শ দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্বপরিমণ্ডলে পবিপ্রবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তিন মাসে জার্মানি, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



















