শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এসময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে গুম, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্কে দিন কাটাতে হয়েছে বিরোধী মতের মানুষকে। ২০২৪ সালের জুলাই-আগস্টেও পুলিশ ও র‍্যাবের হাতে রক্ত ঝরেছে।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ। আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিহতের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘যারা বিরোধী মত পোষণ করতেন, যারা বিরোধী দল করতেন তাদের বাঁচার অধিকার ছিল না। তাদের সুস্থ জীবনযাপনের অধিকার ছিল না। বাইরে বেরুলে পরে বাড়িতে গিয়ে ঘুমানোর অধিকার ছিল না। কে কখন গুম হয়ে যাবে; কে কখন হত্যার শিকার হয়ে যাবে; কে কখন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়– এরকম একটা ভয়াবহ হিংস্র রাজত্বের মধ্যে আমরা তখন দিনযাপন করতে হয়েছে।’


















