ফরিদপুরের আলফাডাঙ্গায় এনামুল শেখ (৩৫) নামের জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল শেখ উপজেলার আরাজী বানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এনামুল শেখের বিরুদ্ধে ২০২২ সালের একটি মারামারির জিআর মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।



















