হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে স্থানীয় কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


















