কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির (৩২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রূপপুর আকাতের ঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামের মৃত হাসান বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল নিয়ে বাল্কহেডে করে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হন তারা। ঘোরাঘুরি শেষে রাত ৯টার দিকে ভেড়ামারার গোলাপনগর এলাকা থেকে ফেরার পথে প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় রকিসহ তিনজন নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং সঙ্গে থাকা যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতের কারণে রকি তলিয়ে যান। সংবাদ পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, নৌপুলিশ এবং স্থানীয় প্রশাসন দীর্ঘ সময় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে ঘটনার ৩৭ ঘণ্টা পর রোববার সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে আকাতের ঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এ মর্মান্তিক ঘটনায় নিহত রকির পরিবার ও শৈলকুপা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



















