টিকটকের কমেন্ট বিভাগে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ইন্টার্যাকটিভ সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা শুধু লিখিত মন্তব্যের পরিবর্তে ভয়েস কমেন্ট, ছবি দিয়ে মন্তব্য, একাধিক ছবির ক্যারোসেল এবং লাইভ ফটো ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি নিজেদের ভিডিওর কমেন্টে পোল বা ভোটের ব্যবস্থাও করতে পারবেন নির্মাতারা। টিকটকের লক্ষ্য, কমেন্ট বিভাগকে শুধু ভিডিও নিয়ে মতামত জানানোর জায়গা না রেখে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও আলোচনার আরও সক্রিয় প্ল্যাটফর্মে পরিণত করা। নতুন ভয়েস কমেন্ট সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কমেন্ট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও বার্তা রেকর্ড করতে পারবেন।
ভয়েস কমেন্ট প্রকাশের পর অন্য ব্যবহারকারীরা সেটিতে চাপ দিয়ে অডিও শুনতে পারবেন। ফলে কোনো বিষয়ে দীর্ঘ লিখিত মন্তব্য করার পরিবর্তে সরাসরি নিজের কণ্ঠে মতামত জানানোর সুযোগ তৈরি হচ্ছে। টিকটক জানিয়েছে, ভয়েস কমেন্টও প্ল্যাটফর্মের অন্যান্য কনটেন্টের মতোই কমিউনিটি নীতিমালার আওতায় থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব পর্যবেক্ষণও ব্যবহার করা হবে।
এ ক্ষেত্রে কথা থেকে লেখা তৈরির প্রযুক্তিও ব্যবহার করা হবে। ভয়েস কমেন্ট সুবিধাটি আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে ১৮ বছর বা এর বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। নির্মাতাদের জন্যও এসেছে নতুন সুবিধা। এখন থেকে নিজেদের ভিডিওর কমেন্টে সরাসরি পোল বা ভোটের আয়োজন করতে পারবেন তারা। সুবিধাটি আগে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য থাকলেও এখন বিশ্বব্যাপী চালু করা হচ্ছে।
পরবর্তী ভিডিও কী নিয়ে হবে, কোন পোশাকটি ভালো, কী রান্না করা উচিতÑ এ ধরনের বিষয়ে দর্শকদের মতামত নিতে পোল ব্যবহার করতে পারবেন নির্মাতারা। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে। পাশাপাশি কতক্ষণ ভোট চলবে, সেটিও নির্ধারণ করতে পারবেন নির্মাতারা। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বিভাগ থেকেই ফলাফল দেখা যাবে। এক কমেন্টে দেওয়া যাবে নয়টি ছবি ছবি দিয়ে মন্তব্য করার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে টিকটক।
আগে একবারে একটি ছবি যুক্ত করা গেলেও এখন একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যোগ করা যাবে। এর ফলে কোনো ঘটনা, অভিজ্ঞতা বা বিষয় সম্পর্কে একাধিক ছবি একসঙ্গে শেয়ার করা সহজ হবে। ছবিগুলো ক্যারোসেল আকারে দেখা যাবে। টিকটকে এখন লাইভ ফটো কমেন্ট করার সুবিধাও চালু হয়েছে। এর মাধ্যমে স্থির ছবির পরিবর্তে অল্প সময়ের একটি চলমান মুহূর্ত কমেন্টে শেয়ার করা যাবে।
টিকটকের ভাষায়, এতে ছবির আগে মুহূর্তটির একটি ছোট্ট গতিশীল ঝলক দেখা যাবে। পরে চাইলে ব্যবহারকারী পুরো ছবিও দেখতে পারবেন। লাইভ ফটো কমেন্ট সুবিধা ইতোমধ্যে বিশ্বব্যাপী চালু হয়েছে। অন্যদিকে একাধিক ছবির ক্যারোসেল কমেন্ট সুবিধা আগামী এক মাসে ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু হবে। কমেন্ট বিভাগকে আরও সক্রিয় করার লক্ষ্য নতুন এসব সুবিধার মাধ্যমে টিকটক মূলত কমেন্ট বিভাগে ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে রাখতে চায়।
ভয়েস, ছবি ও ভোটের মতো সুবিধা যুক্ত করে প্ল্যাটফর্মটি কমেন্টকে শুধু প্রতিক্রিয়া জানানোর জায়গা না রেখে পারস্পরিক যোগাযোগের একটি সক্রিয় অংশ হিসেবে গড়ে তুলতে চাইছে।



















