কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামের প্রেষণ নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর এ নিয়োগ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি পরে বাতিল করা হয়। ইতোমধ্যে সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। তবে বাতিলের নতুন প্রজ্ঞাপন এখনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
নিয়োগের দিনই কেন প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়।



















