চট্টগ্রামে আনন্দঘন ও সুসংগঠিত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের পারফরম্যান্স মূল্যায়ন, ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবস্থাপক সম্মেলন ২০২৬, পুরস্কার প্রদান অনুষ্ঠান ও পল্লী সবুজায়ন কর্মসূচি।
সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে সংশ্লিষ্ট বিভাগীয় মনিটরিং কর্মকর্তা আতিকুল ইসলাম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড সচিবসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের বিগত বছরের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের কৌশলগত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং শ্রেষ্ঠ পারফর্মারদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্মেলনের সঙ্গে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’ পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। ব্যাংকের সার্বিক অগ্রগতি ও গ্রাহকসেবার মান আরও বাড়াতে সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনে এবং তৃণমূল পর্যায়ে ব্যাংক সেবা পৌঁছে দিতে আরও উন্নত ও গতিশীল পারফরম্যান্স প্রদর্শন করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ সবসময় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সহকর্মীদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ’ বক্তব্যের শেষভাগে তিনি ব্যাংকের সমৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের সুন্দর ও সফল পেশাগত ভবিষ্যৎ কামনা করেন।



















