বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগের কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলামিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















