ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় এজাহার জমা দেন।
পুলিশ বলছে, গত রাতেই এই ঘটনার মূল হোতা জহিরুল নামে এক জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, জড়িত বাকি আসামিদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারে মদিনা হাউজিং এলাকায় রাস্তায় অটোরিকশা রাখা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে গ্যারেজের মালিককে মারধর করে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যাক্তি। এর প্রতিবাদ করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হয় তার ওপর। অতর্কিত পেটাতে থাকে আলতাব হোসেনকে।
তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।


















