প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের সৃষ্টিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন। শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. অনুপম হোসেন। প্রয়াতদের নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রবীণ ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামিম আশরাফ চৌধুরী, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, ভাষ্যকার শামসুল আলম গ্রিন্থ, কাজল সরকার, পলাশ খাঁন, সামসুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া ভাষ্যকার, প্রয়াতদের আত্মীয়-স্বজন এবং সাংবাদিকসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠের খেলাকে দারুণ বর্ণনায় যারা গ্রাণবন্ত এবং জীবন্ত করে শ্রোতা এবং দর্শকদের কাছে পৌঁছে দেন, সেই সব ক্রীড়া ভাষ্যকারদের কথা মাথায় এলেই, মনে পড়ে- আবদুল হামিদ, খোদা বকস মৃধা, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, আতাউল হক মল্লিক, তৌফিক আজিজ খাঁন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মুসা, নুর আহমেদ প্রমুখদের নাম।
তারা বলেন, এইসব গুণী কিংবদন্তী ক্রীড়া ভাষ্যকারগণ বিগত বছরগুলোতে পরলোক গমন করেছেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন এবং সম্প্রসারণে এদেশের সূচনালগ্ন থেকে ক্রীড়া ভাষ্যকারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি


















